আহমেদ আফরাজ চ্যাম্পিয়ন, ফেলিপ তারিয়েস্কো রানার-আপ
চট্টগ্রাম চেস্ একাডেমির আয়োজনে ২য় ট্রেনিং দাবা টুর্নামেন্ট গত ৪ সেপ্টেম্বর একাডেমি ক্যাম্পাসে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ৫ রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে আহমেদ আফরাজ চ্যাম্পিয়ন এবং ফেলিপ তারিয়েস্কো রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। রিক কিশোর দত্ত ২য় রানার-আপ, সোহানুর রহমান ৪র্থ এবং মুশফিকুর রহমান চৌধুরী ৫ম স্থান অর্জন করেন।
এছাড়া বিশেষ বিভাগে সেরা বালিকা নির্বাচিত হন আনুস্কা দত্ত। সেরা অনূর্ধ্ব-১০ পুরস্কার লাভ করেন নোমাইর এবং সেরা অনূর্ধ্ব-১২ নির্বাচিত হন স্পর্শ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক ও উইলো ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সুফিয়ান আশরাফের সভাপতিত্বে এবং পরিচালক মো. নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল ইসলাম সাচ্চু।
এ সময় অভিভাবক মমতাজ উদ্দীন, খালিদ খান মুকুল, বাবু সুজল দত্তসহ অন্যান্য অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা বিকাশ, মনোযোগ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক দাবায় দক্ষতা অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম চেস্ একাডেমি ভবিষ্যতেও দাবার উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানানো হয়।